নতুন রূপে নগদ অ্যাপ, অবারিত হবে সম্ভাবনার দুয়ার

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৭:২০ পিএম

গ্রাহকদের ডিজিটাল আর্থিক লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে নতুন অ্যাপ চালু করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। গ্রাহকবান্ধব ইন্টারফেস ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি অ্যাপটি দৈনন্দিন আর্থিক লেনদেনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন অ্যাপটি নিরাপত্তা ও ব্যবহারকারীর অভিজ্ঞতার ওপর গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে। গ্রাহকদের চাহিদা অনুযায়ী ধাপে ধাপে অ্যাপটির উন্নয়ন করা হবে। পাশাপাশি ভবিষ্যতে এতে আরও নতুন সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

নগদের নতুন অ্যাপটি বর্তমানে গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। নিরবচ্ছিন্নভাবে ডিজিটাল লেনদেন চালিয়ে যেতে গ্রাহকদের অ্যাপটি হালনাগাদ করে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন অ্যাপে লেনদেনের অভিজ্ঞতা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করা হয়েছে। এতে সাড়া দেওয়ার সময়, লোডিং ও বিলম্বের সময় কমিয়ে আনার পাশাপাশি বহুল ব্যবহৃত সুবিধাগুলো গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী সাজানো হয়েছে। সহজ ও জটিলতামুক্ত নকশার কারণে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষও সহজে অ্যাপটি ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে নগদ।

অ্যাপটির মাধ্যমে পেমেন্ট, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, ইউটিলিটি বিল পরিশোধ এবং আন্তঃপরিচালনযোগ্য আর্থিক সেবার সুবিধা পাওয়া যাবে। এসব সুবিধা দেশের নগদবিহীন লেনদেনব্যবস্থাকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া স্বল্প সময়ের মধ্যে ঋণ, স্থায়ী আমানত ও বিমার মতো আর্থিক সেবাও অ্যাপটিতে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

লেনদেনের ক্ষেত্রে প্রতারণার ঝুঁকি কমাতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অ্যাকাউন্টের নিরাপত্তা জোরদার করতে চালু করা হয়েছে ডিভাইস বাইন্ডিং সুবিধা। পাশাপাশি অ্যাপটিতে যুক্ত করা হয়েছে আন্তর্জাতিক মানের বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা ও প্রযুক্তিনির্ভর জালিয়াতি প্রতিরোধব্যবস্থা।

নগদের দাবি, প্রতারণা ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক হ্যাকিংয়ের ঝুঁকি মোকাবিলায় অ্যাপটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে সন্দেহজনক কার্যক্রম ও নিরাপত্তাঝুঁকি শনাক্ত করে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

নতুন অ্যাপ চালুর বিষয়ে নগদে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, ‘গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার পাশাপাশি তাঁদের আর্থিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন অ্যাপ চালু করা হয়েছে। এতে আধুনিক ও ব্যবহারবান্ধব অভিজ্ঞতার পাশাপাশি শক্তিশালী নিরাপত্তাকাঠামো যুক্ত করা হয়েছে। ফলে গ্রাহকেরা আরও সহজে ও দ্রুত নিজেদের তথ্য ও অর্থ সুরক্ষিত রেখে দৈনন্দিন ডিজিটাল লেনদেন সম্পন্ন করতে পারবেন।’

তিনি আরও বলেন, নগদের মূল লক্ষ্য এমন একটি সেবাব্যবস্থা গড়ে তোলা, যার মাধ্যমে গ্রাহকেরা একটি অ্যাপ থেকেই দৈনন্দিন সব ধরনের আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারবেন। গ্রাহকদের পরিবর্তনশীল আর্থিক চাহিদা বিবেচনায় নিয়ে অ্যাপটিতে নিয়মিত নতুন সেবা ও নিরাপত্তাবৈশিষ্ট্য যুক্ত করা হবে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত