বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের ওপর সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলোর সঠিক তদন্ত ও সুরাহা চেয়েছে ভারত। উদ্ভূত পরিস্থিতি বাংলাদেশ সরকার যথাযথ গুরুত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে মোকাবিলা করবে বলে প্রত্যাশা জানিয়েছে দেশটি।
বুধবার (১৪ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ প্রত্যাশার কথা জানান।
ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের একটি বিবৃতির প্রসঙ্গ তুলে ধরেন। বিবৃতিতে বলা হয়, গত তিন মাসে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর খুনসহ ১৪১টি সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও দাবি করেছে সংগঠনটি। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে সংগঠনগুলোর উদ্বেগের বিষয়ে ভারতের অবস্থান জানতে চান ওই সাংবাদিক।
জবাবে জয়সওয়াল বলেন, ‘আমাদের প্রত্যাশা, বাংলাদেশ সরকার এ ধরনের বিষয়গুলোর সুরাহা করবে।’
একই ব্রিফিংয়ে দিল্লিতে অনুষ্ঠিত বহুপক্ষীয় আঞ্চলিক জোট বিমসটেকের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে।
এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবর্তে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে প্রতিনিধি দলের বৈঠকে অংশগ্রহণকে ইতিবাচক নিরাপত্তা সহযোগিতার অংশ হিসেবে দেখছে দিল্লি।
বৈঠক শেষে গৃহীত ‘দিল্লি ঘোষণার’ প্রসঙ্গ তুলে জয়সওয়াল বলেন, বিমসটেকভুক্ত দেশগুলো আঞ্চলিক পর্যায়ে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলা, সীমান্ত দিয়ে মাদকপাচার প্রতিরোধ এবং অর্থ পাচার রোধে পারস্পরিক সমন্বয় জোরদার করতে একমত হয়েছে।
আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করতে বাংলাদেশের অংশগ্রহণ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ব্রিফিংয়ে সৌদি আরবের বিমানবন্দরসহ বিভিন্ন অবকাঠামোয় ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ধারাবাহিক হামলা ও প্রাণহানির ঘটনায় তীব্র নিন্দা জানান জয়সওয়াল। এ ধরনের কর্মকাণ্ডকে ‘একদমই অগ্রহণযোগ্য’ উল্লেখ করে বিদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হন। এ ঘটনায় তিন শতাধিক মানুষ আহত হন, যাদের মধ্যে ১১ জন ভারতীয় নাগরিক রয়েছেন।