হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১০:০০ এএম

হরমুজ প্রণালি অতিক্রম করার সময় অজ্ঞাত একটি প্রজেক্টাইলের আঘাতে ডুবে গেছে সিঙ্গাপুরের পতাকাবাহী কনটেইনারবাহী জাহাজ জিএফএস প্রাইড। মঙ্গলবারের এ হামলায় জাহাজটিতে আগুন ধরে যায় এবং সেটি ক্ষতিগ্রস্ত হয়। তবে জাহাজে থাকা ২১ জন নাবিককেই নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছে সিঙ্গাপুরের কর্তৃপক্ষ। খবর বিবিসির। 

সিঙ্গাপুরের মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি জানায়, বুধবার (১৪ অক্টোবর) সিঙ্গাপুরের পতাকাবাহী আরেকটি কনটেইনারবাহী জাহাজ জিএফএস জিসেলও অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। জাহাজটির তলদেশের বাইরের অংশে ক্ষতি হলেও ২২ জন নাবিককে নিয়ে সেটি নিরাপদ নোঙরস্থলে পৌঁছাতে সক্ষম হয়েছে। 

এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস দাবি করেছে, হরমুজ প্রণালির একটি ‘অননুমোদিত’ নৌপথ দিয়ে চলাচলের সময় সমুদ্রের মাইনে আঘাত পেয়ে একটি জাহাজ ডুবে গেছে। এ-সংক্রান্ত কিছু ছবিও প্রকাশ করেছে তারা। ছবিতে একটি কনটেইনারবাহী জাহাজের পেছনের অংশ পানিতে ডুবে থাকতে এবং সেটি থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। অন্য ছবিতে পানিতে ভাসতে থাকা অসংখ্য কনটেইনার ও সেগুলোর মালামাল দেখা গেছে।

পাকিস্তানের হাইড্রোগ্রাফার নাবিকদের সতর্ক করে জানিয়েছেন, ওমানের মুসান্দাম উপদ্বীপের রাস আল-শেখ মাসুদের উত্তর-পশ্চিমে চার নটিক্যাল মাইল বা প্রায় ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে জিএফএস প্রাইড ডুবে গেছে।

অন্যদিকে, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, মঙ্গলবার গ্রিনিচ মান সময় বিকেল ৪টা ৪০ মিনিট থেকে ৫টার মধ্যে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় দুটি কনটেইনারবাহী জাহাজ অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতের খবর দেয়। জাহাজ দুটির নাম প্রকাশ করা হয়নি। তবে উভয় জাহাজ সামান্য ক্ষতিগ্রস্ত হলেও যাত্রা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে।

হরমুজ প্রণালিতে ধারাবাহিক হামলার কারণে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করা হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ।

সর্বশেষ সর্বাধিক পঠিত