পিরোজপুরে জেলা ইজতেমা শুরু, মাঝনদীতে আটকে পড়া ৬০ মুসল্লি উদ্ধার

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০২:১৯ এএম
পিরোজপুরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ফজরের নামাজের পর আনুষ্ঠানিকতা শুরু হয়। আগামী শনিবার (১৭ অক্টোবর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন।
 
জেলার বেকুটিয়া সেতুর পশ্চিম পাশে কঁচা নদীর তীরবর্তী মাঠে তাবলিগ জামাতের নিজামুদ্দীন বিশ্ব মারকাজের সাদপন্থীদের তত্ত্বাবধানে এ ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা মুসল্লিরা অংশ নিচ্ছেন। ইজতেমায় ধর্মীয় বয়ান, ইবাদত-বন্দেগি ও নসিহতমূলক কার্যক্রম চলছে। এদিকে ইজতেমায় যাওয়ার পথে কঁচা নদীতে ইঞ্জিন বিকল হয়ে মাঝনদীতে আটকা পড়েন ৫০ থেকে ৬০ জন মুসল্লি।
 
বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে কাউখালী নৌ পুলিশ তাদের উদ্ধারে অভিযান চালায়।
 
নৌ পুলিশ সূত্রে জানা যায়, বেকুটিয়া সেতুর দক্ষিণে পাঙ্গাশিয়া এলাকায় ইজতেমাগামী মুসল্লিদের বহনকারী একটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ট্রলারটি নদীতে ভেসে পড়ে এবং যাত্রীরা বিপাকে পড়েন। খবর পেয়ে কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আরমান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। ট্রলারচালক আব্দুল হকের সঙ্গে যোগাযোগ করে ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়।পরে ‘আল্লাহর দান’ নামের একটি বিকল্প ট্রলারের সহায়তায় যাত্রীদের উদ্ধার করা হয়। রাত সাড়ে ১২টার দিকে তাঁদের ইজতেমা ময়দানে নিরাপদে পৌঁছে দেওয়া হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।
 
কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আরমান হোসেন বলেন, ৯৯৯ থেকে খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বিকল্প ট্রলারের মাধ্যমে ৫০ থেকে ৬০ জন যাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে ইজতেমা ময়দানে পৌঁছে দেওয়া হয়।
 
এ ধরনের পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়ে সহায়তা নেওয়ার আহ্বান জানান তিনি।
সর্বশেষ সর্বাধিক পঠিত