শারদীয় দুর্গোৎসব সামনে রেখে সাজেকে দুই সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এবং সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা যৌথভাবে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন। বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার থেকে আগামী বুধবার পর্যন্ত অবরোধ স্থগিতের কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ জানান, সাজেক মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির পক্ষ থেকে অবরোধ স্থগিতের বিশেষ অনুরোধ জানানো হয়েছিল। একই সঙ্গে দেশব্যাপী উদযাপিত শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান প্রদর্শন ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই এ অবরোধ স্থগিতের সিদ্ধান্ত। সংগঠনগুলোর পক্ষ থেকে স্পষ্ট করা হয় যে, তাদের এই অবরোধ কর্মসূচি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল, জাতি, ধর্ম বা বর্ণের মানুষের বিরুদ্ধে নয়। মূলত সাজেক অঞ্চলের স্থানীয় অধিবাসীদের নিরাপত্তা এবং জানমাল রক্ষার তাগিদেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল।
বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ সতর্ক করে দিয়ে বলেন, দুর্গাপূজার এই স্থগিতকাল শেষ হওয়ার পর যদি প্রশাসন স্থানীয় সাজেকবাসীর ন্যায্য দাবি পূরণ না করে, তবে পূজার ছুটি শেষে পুনরায় অবরোধসহ কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে।