কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্তে মাদক উদ্ধারে অভিযান চালাতে গিয়ে দুই পুলিশ সদস্য আটক হয়েছেন। তাদের আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে তুলে দিয়েছেন ভারতীয় নাগরিকেরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ২০৫৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আটক দুই পুলিশ সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আশাবাড়ি সীমান্ত এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালাতে যায় পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন কনস্টেবল রোহিত দেওয়ান তার পিছু ধাওয়া করেন এবং ভুলক্রমে সীমান্ত অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করা। একপর্যায়ে সীমান্ত এলাকায় অবস্থানরত কয়েকজন ভারতীয় নাগরিক তাকে আটক করেন।
পরে পুলিশের ওই দলের নেতৃত্বে থাকা এএসআই ইমরান হোসেন কনস্টেবল রোহিতকে ছাড়িয়ে আনতে গেলে তাকেও আটক করা হয়। এরপর ভারতীয় নাগরিকেরা বিএসএফ সদস্যদের ডেকে এনে দুই পুলিশ সদস্যকে তাদের হাতে তুলে দেন।
ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন বলেন, দুই পুলিশ সদস্য আটকের খবর পেয়ে জেলা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।