শনিবার খোলা থাকবে দেশের সব ব্যাংক

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫২ এএম

শনিবার (১৭ অক্টোবর) দেশের সব তফসিলি ব্যাংক খোলা থাকবে এবং সাধারণ কর্মদিবসের মতো স্বাভাবিক লেনদেন চলবে। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৫ দিনের ছুটির কারণে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দুর্গাপূজা উপলক্ষে ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসডিএডি) মো. আব্দুল মান্নানের সই করা এক সার্কুলারে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবরের প্রজ্ঞাপন অনুযায়ী, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে। এর পরিবর্তে ১৭ অক্টোবর (শনিবার) ব্যাংকগুলোতে স্বাভাবিক কার্যক্রম চলবে।

তবে ছুটির মধ্যেও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ অনুযায়ী, সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথগুলোতে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু রাখতে হবে।

এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে ব্যাংকগুলো।

বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।

এর আগে গত ৭ অক্টোবর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে একদিনের অতিরিক্ত ছুটি ঘোষণা করে সরকার। পূর্বনির্ধারিত ছুটির তালিকায় ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি ছিল। পরে ২২ অক্টোবরও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়।

ফলে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের সরকারি ছুটির সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত