আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন স্থানীয় সমাজসেবক ও ব্যবসায়ী ফেরদৌসুর রহমান। সুন্দর ও সুস্থ সমাজ গঠন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, শিক্ষার প্রসার ও মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশ নিতে আগ্রহী বলে জানান তিনি।
স্থানীয়ভাবে বিএনপির সঙ্গে সম্পৃক্ত ফেরদৌসুর রহমান দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি বটতলী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, আনোয়ারা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বটতলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া বটতলী রুস্তমহাট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও মাহবুবে খোদা জামে মসজিদের সাবেক সভাপতি ছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততার পাশাপাশি যুবসমাজের কল্যাণে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন। ছাড়াও পারিবারিক বিরোধ নিষ্পত্তি এবং সামাজিক নানা সমস্যার সমাধানে ভূমিকা রাখায় সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন তিনি।
বটতলী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, সমাজসেবামূলক কর্মকাণ্ডের কারণে ইতোমধ্যে এলাকায় তার ব্যাপক পরিচিতি তৈরি হয়েছে। অনেকেই তাকে একজন সৎ, ন্যায়পরায়ণ ও দানশীল ব্যক্তি হিসেবে মূল্যায়ন করেছেন।
স্থানীয়দের মতে, দলমত নির্বিশেষে একজন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে ফেরদৌসুর রহমানকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান তারা। তার নেতৃত্বে বটতলী ইউনিয়ন আরও উন্নত, শান্তিপূর্ণ ও সুস্থ হবে—এমন প্রত্যাশা এলাকাবাসীর।