শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে দিনাজপুরের পার্বতীপুরে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। পূজার আগে, পূজা চলাকালে এবং প্রতিমা বিসর্জন ও পূজা-পরবর্তী সময়ে নিরাপত্তা নিশ্চিত করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে পার্বতীপুর মডেল থানা প্রাঙ্গণে থানা পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, জননিরাপত্তা ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. ওয়াদুদের সভাপতিত্বে সভায় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, পার্বতীপুর প্রেস ক্লাবের সভাপতি মাহফিজুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলার ১৫০টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ওসি আ. ওয়াদুদ বলেন, পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে নিরাপত্তা ও ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং করণীয় সম্পর্কে তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেছেন।
পার্বতীপুর পূজা উদ্যাপন কমিটির সভাপতি কৈলাশ প্রসাদ সোনার বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ইতোমধ্যে আইন-শৃঙ্খলাবিষয়ক কমিটির একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে। পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে।
পার্বতীপুর মডেল থানার উপপরিদর্শক পিন্টু চন্দ্র দাস বলেন, উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভায় এবার ১৫০টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদ্যাপিত হবে বলে আশা করা হচ্ছে। মণ্ডপে দর্শনার্থীদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পুলিশের পাশাপাশি সাদাপোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক দিপেশ চন্দ্র সিংহ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদ্যাপনের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অতীতের ধারাবাহিকতায় এবারও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্যাপিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পার্বতীপুর-ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নব কুমার বিশ্বাস বলেন, দুর্গাপূজা উৎসবমুখর করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর থাকবে।