আড়াইহাজারে হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেপ্তার

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৩:২১ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরকীয়ার জেরে নাদিম আকন্দ (৩৬) হত্যা মামলার প্রধান সন্দেহভাজন হাকিম মোল্লাকে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে আড়াইহাজার থানা পুলিশ। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাকিম একাই নাদিমকে হত্যার কথা স্বীকার করেছেন।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে আড়াইহাজার থানায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-অঞ্চল) মেহেদী ইসলাম।

সংবাদ সম্মেলনে মেহেদী ইসলাম জানান, শুক্রবার সকালে দড়িসত্যভান্দি এলাকায় একটি বাসার ভেতরে বস্তাবন্দি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ হলে পুলিশ হাকিম মোল্লাকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে তদন্ত শুরু করে।

তিনি জানান, ঘটনার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে সন্দেহভাজন হাকিম মোল্লাকে (৩০) গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাকিম জানান, পরকীয়াসংক্রান্ত বিরোধের জেরে তিনি একাই মরিচ বাটার পুতা দিয়ে নাদিমের মাথায় আঘাত করেন। পরে রশি দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করে বস্তাবন্দি অবস্থায় রেখে পালিয়ে যান বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।

মেহেদী ইসলাম আরও জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। হাকিম মোল্লা নড়াইল জেলার বাসিন্দা। নিহত নাদিম আকন্দ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার উত্তর জাঙ্গালিয়া এলাকার জসিমউদ্দিনের ছেলে। তাঁরা একই এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

সংবাদ সম্মেলনে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন ও দ্বিতীয় কর্মকর্তা এসআই জহিরুল উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত