রিয়াদে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পিএম

সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে আগামী ২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। এ ক্ষেত্রে দাম্মাম বিমানবন্দরের প্রয়োজনীয় অনুমতি সাপেক্ষে ফ্লাইট পরিচালনা করা হবে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা প্রাপ্তি সাপেক্ষে ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে এবং যাত্রীদের তা জানিয়ে দেওয়া হবে।’

তবে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট চালু থাকার কথা তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

যাত্রীচাপ সামলাতে ইতোমধ্যে মদিনা রুটে অধিক ধারণক্ষমতার উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছেযা ১৮ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। ১৯ অক্টোবর থেকে এ রুটে পুনরায় নিয়মিত বোয়িং ৭৮৭ উড়োজাহাজ চলাচল করবে।

এ ছাড়া বাড়তি চাহিদার কথা বিবেচনায় রেখে জেদ্দা রুটেও অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

ফ্লাইট পরিচালনা ও সময়সূচির পরবর্তী যেকোনো হালনাগাদ তথ্যের জন্য এবং টিকেট ক্রয় বা বুকিংয়ের প্রয়োজনে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয় কেন্দ্রে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত