হাম উপসর্গে একদিনে ৩ শিশুর মৃত্যু

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পিএম

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১৭ শিশু। এ ছাড়া ৪২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে নতুন রোগী পাওয়া গেছে ১ হাজার ২৫৯ জন।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২০৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৪ শিশু। বাকি ১ হাজার ১০০ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। 

এ সময়ে দেশে সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে ২ লাখ ১৫ হাজার ৭৬৮ জন। নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ১৯৯ শিশু। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হাম শনাক্ত হওয়া শিশুর সংখ্যা ২ লাখ ৩৮ হাজার ৯৬৭। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন শিশুর মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের একজন করে রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯১ হাজার ৭৬১ শিশু। তার মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৮৪ হাজার ১৬৮ শিশু।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত