বগুড়ায় দুর্গাপূজার মণ্ডপে রাজশাহী রেঞ্জের ডিআইজি

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১০:১৯ এএম

দুর্গাপূজা উপলক্ষে বগুড়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে ডিআইজি শহরের নামাজগড় ডালপট্টি, চেলোপাড়া, মালতিনগরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

সপরিবারে বগুড়া মহানগরের নামাজগড় ডালপট্টি সার্বজনীন পূজামণ্ডপে যান ডিআইজি আশিক সাঈদ। এ সময় তাকে স্বাগত জানান ডালপট্টি সার্বজনীন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুজিত জয়সোয়াল।

ডিআইজি আশিক সাঈদ বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, যাতে আপনারা এই উৎসব নির্বিঘ্নে পালন করতে পারেন। গত বছরের তুলনায় আরও সুন্দরভাবে দুর্গোৎসব পালিত হচ্ছে। বগুড়ার আয়োজন সব সময় আলাদা হয়। তাই আমি পরিবারসহ এসেছি। আপনাদের সেবায় পুলিশ সদস্যরা নিয়োজিত আছেন।

এ সময় উপস্থিত ছিলেন ডিআইজির স্ত্রী, বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী, ডিবির ওসি ইকবাল বাহার, সদর ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ টি আই সালেকুজ্জামান সালেক, মন্দির কমিটির সভাপতি নিরঞ্জন গোয়ালা, সঞ্চিব প্রসাদ জয়সোয়াল প্রমুখ।

রাত ১১টার দিকে ডিআইজি শহরের চেলোপাড়া দুর্জয় ক্লাবে যান। সেখানে তিনি রাজশাহী বিভাগের সবচেয়ে বড় দুর্গাপ্রতিমা পরিদর্শন করেন। এ সময় তাকে স্বাগত জানান মহানগর পূজা উদযাপন পরিষদ ও ক্লাবের সভাপতি পরিমল প্রসাদ রাজ।

পরে ডিআইজি শহরের মালতিনগরসহ বিভিন্ন এলাকার দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত