মিরসরাইয়ে পূজামণ্ডপ পরিদর্শন শেষে অনুদান বিএনপি নেতার

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১১:২৫ এএম

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে শারদীয় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিয়েছেন জাসাস মিরসরাই উপজেলা শাখার সহসভাপতি এবং ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মো. আলমগীর উপজেলার আবুতোরাব বাজারের বিখ্যাত জগন্নাথধাম পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় মন্দিরের উন্নয়নকাজের জন্য তিনি নগদ ৩০ হাজার টাকা অনুদান দেন। পাশাপাশি দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।

এ সময় মো. আলমগীর বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। বিএনপি সরকারের আমলেও অতীতে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্মীয় কার্যক্রম পরিচালনা করেছেন, ভবিষ্যতেও করবেন।

তিনি আরও বলেন, আবহমানকাল থেকেই এ অঞ্চলে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করে আসছেন। কখনো কোনো সমস্যা হয়নি। হিন্দু-মুসলিম ভাই ভাই। ধর্ম যার যার, উৎসব সবার।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, তারা নুরুল আমিনকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। তারা এমন একজন মানুষ পেয়েছেন, যিনি তাদের জন্য অভয়াশ্রম। সম্প্রতি তিনি বলেছেন, শান্তির জনপদ মিরসরাইয়ের কোনো পূজামণ্ডপে আগামীতে আর পুলিশ পাহারার প্রয়োজন হবে না।

জগন্নাথধাম পূজামণ্ডপ ছাড়াও মো. আলমগীর মঘাদিয়া রমনি মোহন বণিক বাড়ি মণ্ডপ, মঘাদিয়া বড় বণিক বাড়ি মাতৃমন্দির ও মাস্টারপাড়া দুর্গামন্দির পরিদর্শন করেন। এসব পূজামণ্ডপে তিনি নগদ ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেন। এ সময় প্রতিটি পূজামণ্ডপে অসহায় ও দরিদ্র মানুষ এবং পূজার কাজে নিয়োজিত গ্রামপুলিশ সদস্যদের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, বিএনপি নেতা আবুল হোসেন ভেন্ডার ও আবুল কালাম, ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি মো. আব্দুল্লাহ, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক এছাক মিয়া খানসাব, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, মিরসরাই থানা যুবদলের সদস্য আজাদ হায়দার রাজিব, মঘাদিয়া ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন, ইউনিয়ন যুবদলের সদস্যসচিব মোমিনুল হক, মাস্টারপাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম রায় ও সাধারণ সম্পাদক মিঠু নাথ এবং মঘাদিয়া রমনি মোহন বণিক বাড়ি মণ্ডপের সভাপতি বাসুদেব বণিক প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত