বগুড়ায় সিঁদুর খেলায় মাতলেন নারীরা

বগুড়া মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ জানান, জেলায় এবার ৭৩০টি পূজা মন্ডপে সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পিএম

স্বামী ও সংসার, সর্বোপরি দেশ ও জনগণের সার্বিক কল্যাণসহ মঙ্গল কামনায় সিঁদুর খেলায় মেতেছেন বগুড়ার নারীরা। বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীর দিন সকাল থেকে দুপুর অব্দি বগুড়ার বিভিন্ন এলাকায় এ দৃশ্য দেখা গেছে।

প্রতি বছরের মত এবারও বিভিন্ন পূজা মন্ডপে নারীরা একে অপরকে সিদুরের রঙে রাঙিয়ে দেন তারা। সুন্দর আগামীর প্রত্যাশায় জীবনকে রঙিন করতে সকাল থেকে প্রতিটি পূজামন্ডপে ছিল সিঁদুর উৎসব।

বুধবার সকাল থেকে বগুড়া শহরের বিভিন্ন পূজামণ্ডপগুলোতে শারদীয় দুর্গাপূজার দশমীতে সিঁদুর খেলার আয়োজন দেখা গেছে।  সবচেয়ে বেশি সিঁদুর খেলায় মেতে উঠেন নারীরা মহানগরের চেলোপাড়া সার্বজনীন শ্রী শ্রী কালি মন্দিরে।

এই মন্দিরে সিঁদুর খেলতে ও দেবী দুর্গা মায়ের আশীর্বাদ নিতে আসা ভক্ত সীমা সাহা জানান, দেবী দুর্গাকে বিসর্জন দিতে হবে, তাদের হৃদয়ে বিষাদের সুর, বিদায়ের দিন সকালে সবাই পূজামণ্ডপে এসেছেন তারা। ভক্তরা একে অপরের কপালে সিঁদুর দিচ্ছেন। গালে গালে কেটে দেন সিঁদুরের আঁচড়। আনন্দ উল্লাস করতে থাকেন ভক্তরা।

রিতীমা দাস বলেন, স্বামী সংসার যেন ভাল থাকে। স্বামী দীর্ঘায়ু হোন। আগামী দিনগুলো যেন ভালো হয়, দেশ ও দেশের মানুষ যাতে ভালো থাকে সেই প্রত্যাশা করছেন।

মন্দিরে আসা নারীরা স্বামীসহ পরিবারের সদস্যদের কল্যাণ কামনায় তারা সিদুরে রাঙিয়ে দিচ্ছেন একে অপরকে। তারা পূজা অর্চনা করেছেন। অতীত জীবনের পাপ মোচন ও অশুভ শক্তির কবল থেকে বাঁচতে দেবী দুর্গার কাছে আশীর্বাদ কামনা করেছেন।

এই সিঁদুর খেলায় বিশেষত বিবাহিত নারীরা অংশ নেন। তবে কোন অবিবাহিত ও বিধবা নারী সিঁদুর খেলায় অংশ নেন না।

 

বগুড়া মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ জানান, জেলায় এবার ৭৩০টি পূজা মন্ডপে সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সামাজিক রাজনৈতিক সংগঠনের সকলের সহযোগিতায় উৎসবমূখর পরিবেশে পূজা উদযাপন হচ্ছে বলেও তিনি জানান।

সর্বশেষ সর্বাধিক পঠিত