রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিদের মৃত্যু: মন্ত্রণালয়ের জবাবদিহি দাবি

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পিএম

রাশিয়ায় চাকরির প্রলোভনে গিয়ে বাংলাদেশিদের যুদ্ধক্ষেত্রে মৃত্যু, নিখোঁজ হওয়া এবং নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে না পারার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা করে বাংলাদেশিদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়ে থাকলে তা গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং নিরাপদ অভিবাসন ব্যবস্থার ব্যর্থতার ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) এ বিষয়ে বিবৃতি দিয়েছেন এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম।

গণমাধ্যমের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, গত তিন বছরে রাশিয়ায় যুদ্ধে অন্তত ৫৪ জন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। সম্প্রতি চাকরির প্রতিশ্রুতিতে নেওয়া ৩০ জনের মধ্যে অন্তত ২০ জনের মৃত্যুর খবরও প্রকাশিত হয়েছে। নিহত ও নিখোঁজ ব্যক্তিদের প্রকৃত অবস্থা, নিয়োগপ্রক্রিয়ায় প্রতারণা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত জরুরি।

এইচআরএসএস মনে করে, প্রবাসী নাগরিকদের জীবন ও নিরাপত্তা রক্ষায় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়গুলোর গৃহীত পদক্ষেপ ও ব্যর্থতার বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে এবং দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

সংশ্লিষ্ট বেশ কিছু দাবি জানিয়েছে এইচআরএসএস। এগুলো হলো— ১. নিহত ও নিখোঁজ বাংলাদেশিদের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে নিয়োগকারী, দালাল ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় নির্ধারণ করতে হবে। দুই মন্ত্রণালয়কে তাদের ভূমিকা ও গৃহীত পদক্ষেপের ব্যাখ্যা জনসমক্ষে দিতে হবে; অবহেলা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। ২. নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে এবং নিখোঁজদের সন্ধান ও উদ্ধারে জরুরি কূটনৈতিক উদ্যোগ নিতে হবে। ৩. ভুক্তভোগী পরিবারের ক্ষতিপূরণ: নিহতদের পরিবারকে প্রাপ্য ক্ষতিপূরণ, বিমা, আর্থিক সহায়তা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে ইত্যাদি।

সর্বশেষ সর্বাধিক পঠিত