মোদিকে ইসরায়েল সফরের আমন্ত্রণ নেতানিয়াহুর, আবেগঘন পোস্ট

'স্থল ও আকাশ—উভয় ক্ষেত্রেই ভারত ও ইসরায়েল সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করছে।'

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ১২:১৬ এএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইসরায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। ওই অনুষ্ঠানে সাহসিকতার জন্য প্রশংসিত ভারতীয় পাইলট স্মিত মাচ্ছরের সঙ্গে মশাল প্রজ্বালনের আমন্ত্রণ জানানো হয়েছে মোদিকে। খবর এনডিটিভি। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক আবেগঘন  পোস্টে নেতানিয়াহু এ তথ্য জানান। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে। এ সময় দুই দেশের দীর্ঘদিনের দৃঢ় সম্পর্কের বিষয়টি তুলে ধরেন তিনি।

নেতানিয়াহু লেখেন, ‘আমি আমার বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছি এবং ইসরায়েলের স্বাধীনতা দিবসে একজন সাহসী ভারতীয় পাইলটের সঙ্গে মশাল প্রজ্বালনের জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছি।’

তিনি আরও জানান, মোদি আমন্ত্রণের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন, স্থল ও আকাশ—উভয় ক্ষেত্রেই ভারত ও ইসরায়েল সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করছে। নেতানিয়াহু তার পোস্টে হিন্দি ও হিব্রু ভাষায় এ বক্তব্য তুলে ধরেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরায়েল সফর করেন নরেন্দ্র মোদি। নয় বছরের মধ্যে এটি ছিল দেশটিতে তার দ্বিতীয় সফর। ২০১৭ সালের জুলাইয়ে মোদির প্রথম ইসরায়েল সফরের সময় দুই দেশের সম্পর্ক কৌশলগত অংশীদারত্বের পর্যায়ে উন্নীত হয়।

এর আগে চলতি মাসে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ ভারতীয় পাইলট স্মিত মাচ্ছরকে বেসামরিক বীরত্বের জন্য প্রেসিডেন্ট পদক দিতে ইসরায়েল সফরের আমন্ত্রণ জানান।

গত ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে কো-পাইলটের হামলার মুখে পড়েন স্মিত মাচ্ছর। কো-পাইলট বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে। এ সময় তাকে থামাতে গিয়ে আহত হন মাচ্ছর।

১৭৪ জন যাত্রী নিয়ে যাত্রা করা বিমানটির ককপিটের ভেতরে কো-পাইলটকে প্রতিহত করার চেষ্টা করেন তিনি। গুরুতর আহত হওয়া সত্ত্বেও মাচ্ছর ককপিটের দরজা খুলতে সক্ষম হন। এরপর যাত্রী ও বিমানকর্মীরা মিলে সহ-পাইলটকে নিয়ন্ত্রণে আনেন। এতে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

পরিস্থিতির কারণে বিমানটি সৌদি আরবে জরুরি অবতরণ করে। পরে একই দিন যাত্রীরা নিরাপদে ইসরায়েলে পৌঁছান।

সাহসিকতার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু—উভয়েই মাচ্ছরের প্রশংসা করেছেন। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত