সাইবার নিরাপত্তাসহ প্রচলিত আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে ভুয়া ও বিকৃত সংবাদ নিয়ন্ত্রণ এবং সংবাদকর্মী, প্রশাসন ও সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। গত বুধবার রাতে ভোলার বিভিন্ন পূজাম-প পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ভুয়া সংবাদ শুধু বাংলাদেশে নয়, বিশ্বজুড়েই এই সমস্যা রয়েছে। তাই এমন ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন, যাতে মতপ্রকাশের স্বাধীনতা বজায় থাকে এবং ভুয়া ও বিকৃত সংবাদের অপব্যবহারও রোধ করা যায়। এ বিষয়ে শিগগিরই একটি পরিণত পর্যায়ে পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নেত্রকোনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার বিচার প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। দুর্গোৎসবের সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালিত হয়েছে। জাতীয়তাবাদী সরকার সম্প্রীতি ও সহাবস্থানে বিশ্বাস করে।