ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) রুমিন ফারহানা ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়ার মধ্যে বাগবিতণ্ডার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে সরাইল থানায় ওই জিডি করা হয়। থানায় যারা এসেছিলেন, তাদের তালিকাও করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তবে রুমিন ফারহানার কর্মী-সমর্থকদের ভাষ্য, কয়েক দিন ধরে সংসদ সদস্যের সঙ্গে সরাইল থানার ওসির দূরত্ব তৈরি হয়েছে। সংসদ সদস্য ও তার ব্যক্তিগত সহকারী (পিএস) জাকির হোসেন ফোন করলেও ওসি সাড়া দেন না। এমনকি তাদের ফোনও ধরেন না। ওসির কাছে নিরাপত্তা চেয়েও সংসদ সদস্য তা পাননি।
এ পরিস্থিতিতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সরাইল থানায় ওসির কক্ষে যান রুমিন ফারহানা। সেখানে সংসদ সদস্য ও তার সঙ্গীদের সঙ্গে ওসি মঞ্জুর কাদের ভূঁইয়ার বাগবিতণ্ডা হয়। দু’পক্ষের উত্তপ্ত বাক্য বিনিময় একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।