প্রথম ডাবল সেঞ্চুরির দিকে ছুটছেন নাঈম-রবিন

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পিএম

২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ রাউন্ডের প্রথম দিন ব্যাট হাতে দাপট দেখান ঢাকা বিভাগের মোহাম্মদ নাঈম ও ময়মনসিং বিভাগের মাহফিজুল ইসলাম রবিন। দুজনেই দেড় শ ছাড়িয়ে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির অপেক্ষায়। রাজশাহীর বিপক্ষে নাঈম অপরাজিত ১৭১ রান করে। চট্টগ্রামের বিপক্ষে রবিনের সংগ্রহ অপরাজিত ১৫৬ রান। তাদের ইনিংসে ভর করে নিজেদের ম্যাচে শক্ত অবস্থান তৈরি করেছে ঢাকা ও ময়মনসিংহ।

অন্যদিকে ব্যক্তিগত সেঞ্চুরি না পেলেও বরিশালের বিপক্ষে ভালো সংগ্রহ নিয়ে প্রথম দিন শেষ করেছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর। এছাড়া বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি খুলনা-সিলেট ম্যাচটি।

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়ে ঢাকা। দলীয় ৮৮ রানের মধ্যে তিনটি উইকেট হারায় তারা। তবে এরপর আর কোনো উইকেট হারাতে হয়নি দলটিকে। একপ্রান্ত আগলে রেখে রাজশাহীর বোলারদের ওপর চড়াও হন নাঈম। তার দায়িত্বশীল ও আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রথম দিন শেষে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ২৯৩ রান।

ইনিংসের শুরু থেকেই ছন্দে থাকা নাঈম ৮৮ বলে অর্ধশতক পূর্ণ করেন। এরপর ১৪৩ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি। সেখানেই থামেননি এই ওপেনার, ২১৬ বলে পৌঁছে যান দেড় শ রানে। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার সপ্তম শতক। দিন শেষে ২৪২ বলের ইনিংসে ১৪টি চার ও চারটি ছক্কায় ১৭১ রান নিয়ে অপরাজিত আছেন তিনি। তার সঙ্গে আজ ৮৪ রান দিনের দ্বিতীয় দিন শুরু করবেন মাহিদুল ইসলাম।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে একই রকম দৃঢ়তা দেখিয়েছেন ময়মনসিংহের ওপেনার রবিন। খালিদ হাসানের (৩৬) সঙ্গে ৮৩ রানের উদ্বোধনী জুটিতে দলকে শুরুতেই এগিয়ে দেন তিনি।এরপর মুনিম শাহরিয়ারকে নিয়ে ৯৯ রানের জুটি গড়েন রবিন। মুনিম ৫৬ রান করে হাসান মুরাদের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন।

সঙ্গী হারালেও নিজের ব্যাটিংয়ে ছন্দ হারাননি রবিন। তুলে নেন প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের চতুর্থ সেঞ্চুরি, যা চলতি আসরে তার তৃতীয়। সেঞ্চুরির পর ব্যক্তিগত সর্বোচ্চ রানও ছাড়িয়ে যান এই ওপেনার। আব্দুল মজিদের (৩৪) সঙ্গে তৃতীয় উইকেটে যোগ করেন ৯৩ রান। ১৫৬ রানে অপরাজিত রবিনের সঙ্গে তিন রানে আজ দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামবেন রিজান হোসেন। ময়মনসিংহের সংগ্রহ ৪ উইকেটে ২৯৯ রান।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠে বরিশালের বিপক্ষে ব্যাট করতে নেমে রংপুরও ভালো শুরু পেয়েছে। অনিক সরকার (৪১) ও মিম মোসাদ্দেকের (৭৭) উদ্বোধনী জুটিতে আসে ৮৭ রান। পরে ইকবাল হোসেন ৪৮ ও নবিন ইসলাম ৩২ রান করে ফিরলেও ইনিংসের হাল ধরেন আবদুল্লাহ আল মামুন। তার অপরাজিত ৬১ এবং আলাউদ্দিন বাবুর অপরাজিত ৪৬ রানে প্রথম দিন শেষে রংপুরের সংগ্রহ ৫ উইকেটে ৩২০ রান। 

বৃষ্টির কারণে কক্সবাজারে সিলেট ও খুলনার ম্যাচে প্রথম দিন টসও করা সম্ভব হয়নি। ক্রিকেটাররা মাঠে এলেও বিকেল ৩টায় হোটেলে ফিরে যান। সেখানে আজসহ ম্যাচের বাকি ৩ দিনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত