সাংবাদিককে অস্ত্রের মুখে জিম্মি, মুক্তিপণ দাবি ও টাকা আদায়ের ঘটনায় করা মামলার প্রধান আসামি মো. সাইফুল প্রকাশ ভেড়া সাইফুলকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (২৪ অক্টোবর) শনিবার বিকেলে তাকে গ্রেপ্তার করে হালিশহর থানা পুলিশ। এর আগে মামলার এজাহারভুক্ত পাঁচ নম্বর আসামি সৈকতকে (২৪), আট নম্বর আসামি মো. আরিফ হোসেন (২৬), ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়। সাইফুলকে নিয়ে এ মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল চারজনে।
প্রধান আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী হালিশহর থানার এসআই মো. মঞ্জু। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী সাংবাদিক দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার আবুল হোসাইন গত ১৪ অক্টোবর বিকেল সোয়া পাঁচটার দিকে হালিশহর থানার ২৪ নম্বর ওয়ার্ডের রমনা আবাসিক এলাকার ২ নম্বর সড়কে সংবাদ সংগ্রহ করতে যান।
এ সময় এজাহারভুক্ত আসামিসহ ১০ থেকে ১২ জন তাকে ঘিরে ধরে মারধর করেন। পরে পিস্তল ও ছুরির ভয় দেখিয়ে পাশের নির্জন রাস্তায় নিয়ে জিম্মি করে তার কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার পর দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে মোবাইল ফোন কেড়ে নিয়ে বিকাশ অ্যাকাউন্টের পিন আদায় করা হয়। পরে বিভিন্ন লেনদেনের মাধ্যমে অ্যাকাউন্ট থেকে আরও ৫৫ হাজার ৩০০ টাকা সরিয়ে নেওয়া হয়। সব মিলিয়ে ৭০ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেওয়া হয়। এ ঘটনায় ১৫ অক্টোবর হালিশহর থানায় মামলা করেন ভুক্তভোগী সাংবাদিক।