ইরানে নতুন করে সামরিক হামলা চালানো অথবা তেহরানের সঙ্গে একটি বড় চুক্তি করা—দুইটি পথই খোলা রাখার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্র: আলজাজিরা
শনিবার (২৪ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ইঙ্গিত দেন যে, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা যেকোনো সময়, এমনকি ‘আগামীকালই’ (অর্থাৎ ২৫ অক্টোবর, রবিবার) হতে পারে। তবে তিনি সম্ভাব্য হামলার সুনির্দিষ্ট সময় জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।
ট্রাম্প স্পষ্ট করেছেন যে সামরিক পদক্ষেপের পাশাপাশি ইরানের সঙ্গে একটি বড় ও ভালো চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনাও সমানভাবে রয়েছে। তবে ইরান শেষ পর্যন্ত চুক্তির শর্ত মেনে চলার প্রতিশ্রুতি রক্ষা করবে কি না, তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন।
ট্রাম্পের মতে, হামলা হোক কিংবা সমঝোতা—উভয় পথেই শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রেরই জয় হবে।
তার মূল লক্ষ্য ইরানকে স্থায়ীভাবে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা। এর আগে বি-২ বোমারু বিমান দিয়ে চালানো মার্কিন অভিযান দীর্ঘমেয়াদি সমাধানের জন্য যথেষ্ট ছিল না উল্লেখ করে তিনি বলেন, এবার তাকে হয়তো ‘কাজটি শেষ করতে’ হতে পারে।
এর আগে শুক্রবার এক সমাবেশে ট্রাম্প ইরানের বিরুদ্ধে আবারও 'লিটল এপিক ফিউরি' নামক সামরিক অভিযান চালানোর সম্ভাবনার কথা বলেন। উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের বিরুদ্ধে যে সামরিক অভিযান শুরু হয়েছিল, তার সাংকেতিক নাম ছিল 'এপিক ফিউরি'।
এদিকে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে মার্কিন অবরোধ প্রত্যাহারের মতো নতুন কোনো চুক্তির প্রস্তাব তেহরান ওয়াশিংটনকে দেয়নি এবং ইরান পূর্বের দেওয়া শর্তগুলোতেই অনড় রয়েছে।