আলিফ-বন্যাদের ৩ সোনাসহ ১০ পদক

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০১:০৩ এএম

ছয়টি ইভেন্টের ফাইনালে তিনটিতে জয়। এশিয়া কাপ আরচারিতে তিনটি স্বর্ণ জিতেছে বাংলাদেশ। তিনটি রুপা এবং চারটি ব্রোঞ্জ মিলিয়ে ১০টি পদক। আনন্দ আর আক্ষেপের মিশ্র অনুভূতিতে শেষ হলো ওয়ার্ল্ড স্টেজ টু প্রতিযোগিতা।

বুধবার মেয়েদের কম্পাউন্ডের দলগত ইভেন্টে প্রথম স্বর্ণ এনে দিয়েছিলেন বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনি’রা। বন্যা গতকাল কম্পাউন্ডের এককেরও সোনা জিতেছেন। তার আগে সকালে আবদুর রহমান আলিফ, সাগর ইসলাম ও মোহাম্মদ রাফিরা জিতেছেন ছেলেদের রিকার্ভের দলগত শিরোপা।  এই ইভেন্টের প্রথম সেটে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তবে পরের তিন সেটেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে কাজাখস্তানকে হারিয়ে দেয় আলিফরা। চার সেট মিলিয়ে বাংলাদেশ পেয়েছে ২১২ পয়েন্ট ও কাজাখস্তান ২১০। বাংলাদেশের জয়ে সবচেয়ে বেশি পয়েন্ট তুলেছেন আলিফ। চার সেটে তার সংগ্রহ ৭৬ পয়েন্ট। রাফি করেছেন ৭০ এবং সাগর ৬৬। শুরুতে ধাক্কা খেলেও তিন আরচারের সম্মিলিত পারফরম্যান্সেই শেষ পর্যন্ত সোনা নিশ্চিত হয়েছে বাংলাদেশের। ফাইনালের প্রথম সেটে বাংলাদেশ তোলে ৫০ পয়েন্ট, কাজাখস্তান ৫৩। দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান সাগর-আলিফরা। বাংলাদেশ ৫৫ ও কাজাখস্তান ৫৪ পয়েন্ট তোলে। তাতেই ম্যাচে সমতা ফেরে। ব্যক্তিগত স্কোরে আলিফ ছিলেন বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক আরচার। প্রথম তিন সেটে তার স্কোর ছিল যথাক্রমে ১৯, ২০ ও ২০ পয়েন্ট। শেষ সেটে ১৭ পয়েন্ট তোলেন তিনি। রাফি প্রথম সেটে ১৭, দ্বিতীয় সেটে ১৬, তৃতীয় সেটে ১৯ ও শেষ সেটে ১৮ পয়েন্ট তোলেন। সাগর প্রথম সেটে ১৪ পয়েন্ট তুললেও পরের তিন সেটে করেন যথাক্রমে ১৯, ১৬ ও ১৭ পয়েন্ট।

বন্যার দ্বিতীয় স্বর্ণ : কম্পাউন্ডের এককের ফাইনালে লড়াই হয়েছে দুর্দান্ত। মাত্র ১ পয়েন্টের ব্যবধান বন্যা আক্তার ধরে রাখলেন চতুর্থ সেট পর্যন্ত। এরপর পঞ্চম সেট জিতে সোনা জয়ের আনন্দে ডানা মেললেন বাংলাদেশের এই আরচার। কাজাখস্তানের বারলেভা মিলানার বিপক্ষে বন্যার স্কোর ১৪৫-১৪৩। প্রথম সেট ২৮-২৮ সমতায় শেষের পর, দ্বিতীয় সেটে ২৯-২৮ পয়েন্টে জিতেন বন্যা। পরের দুই সেটও শেষ হয় ২৯-২৯, ২৯-২৯ সমতায়। তখন ১১৫-১১৪ ব্যবধানে এগিয়ে বন্যা। এদিন রিকার্ভ নারী এককের ফাইনালে ইরানের প্রতিযোগী ফাল্লাহ মোবিনার বিপক্ষে ৬-২ সেট পয়েন্টে হেরে রুপা পান সাইমা সালাহ উদ্দিন। রিকার্ভ পুরুষ এককের ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে আজারবাইজানের আলিয়েন মাহাম্মাদালিকে ৭-৩ সেট পয়েন্টে হেরে যান আব্দুর রহমান আলিফ।

সর্বশেষ সর্বাধিক পঠিত