দেশে তৈরি দুটি ‘রিমোট সেন্সিং’ স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে পাঠিয়েছে সৌদি আরব। চীনের লং মার্চ-২ডি রকেটের মাধ্যমে স্যাটেলাইট দুটি উৎক্ষেপণ করা হয়।
চায়না পিপলস ডেইলি ও আরব নিউজ জানায়, শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা ১২ মিনিটে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিউকুয়ান স্যাটেলাইট লাঞ্চ সেন্টার থেকে এই রকেট উৎক্ষেপণ করা হয়।
‘লো অরবিট রিমোট সেন্সিং’ এই স্যাটেলাইট দুটি তৈরি করে সৌদি আরবের কিং আবদুলাজিজ সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কেএসিএসটি)।
সৌদি স্যাট ৫এ এবং সৌদি স্যাট ৫বি নামের দ্বিতীয় প্রজন্মের স্যাটেলাইট দুটি ভূ-পৃষ্ঠ পর্যবেক্ষণ ব্যবহার করা হবে। নগর পরিকল্পনা ও চলাফেরা পর্যবেক্ষণ এবং ভূ-পৃষ্ঠের পরিবর্তনে নজর রাখাসহ হাই রেজুলেশনের ছবি সরবরাহ করবে স্যাটেলাইট দুটি।
ছবি: এসপিএ
চীনের সহযোগিতায় কেএসিএসটি এখন পর্যন্ত ১৩টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। সর্বশেষ উৎক্ষেপণ করা দুটি স্যাটেলাইট নিজস্ব প্রযুক্তি সক্ষমতা অর্জনে সৌদির ভিশন-২০৩০ এর অংশ বলে জানিয়েছে আরব নিউজ।