‘পুলিশের অভিযানে’ ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতার মৃত্যু

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় 'পুলিশের অভিযানে' ভবনের ছাদ থেকে পড়ে মো. রাসেল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রাসেল ওই এলাকার মৃত শফিক রহমানের ছেলে। তিনি ছাত্রদলের রাজনীতি করতেন বলে স্থানীয় বিএনপি নেতারা দাবি করেছেন। ১৬ ডিসেম্বর রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।

ইপিজেড থানার ওসি মীর নূরুল হুদা দেশ রূপান্তরকে বলেন, ব্যারিস্টার কলেজ এলাকায় একটি ভবনের ছাদ থেকে পড়ে রাসেল নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

ওসি বলেন, “ওই এলাকায় রাতে পুলিশ কোনো অভিযান চালায়নি। আর সাদা পোশাকেও পুলিশ কোনো অভিযানে যায়নি।”

স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, ব্যারিস্টার সুলতান আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক রাসেল। তিনি চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারে সক্রিয় ছিলেন। পুলিশের অভিযানে একটি ভবনের ছাদে আশ্রয় নেওয়া রাসেলকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।

নগর বিএনপি’র সহসভাপতি এম এ আজিজ দেশ রূপান্তরকে বলেন, রাত সাড়ে ৩টার দিকে ইপিজেড এলাকায় পুলিশের সোর্স হিসেবে পরিচিত সালেহ ধাওয়া দিয়ে রাসেলকে আটক করেছিল। পরে ভবনের ছাদ থেকে রাসেলকে ওই পুলিশ সোর্স ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে স্থানীয়রা আমাদের জানিয়েছে।