৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছে। বাগেরহাটের চার আসনের দুটিতে রয়েছে তাদের প্রার্থী। ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করলেও তারা নির্বাচনী পোস্টারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি ব্যবহার করেনি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির স্থানীয় নেতারা।
বিএনপি নেতারা বলছেন, ‘জামায়াত ধানের শীষ প্রতীকে ভোট চাইবে অথচ আমাদের দেশনেত্রীর ছবি ছাপবে না, এটা মানা যায় না। তবে জামায়াত বলছে, ঐক্যফ্রন্ট থেকে নির্বাচনী পোস্টারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি ছাপতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা আমাদের দেওয়া হয়নি। তাই আমরা কারো ছবি ব্যবহার না করে শুধু ধানের শীষ প্রতীকের পোস্টার ছেপেছি।’
বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে ঐক্যফ্রন্ট জামায়াতের জেলা নায়েবে আমির মোহম্মদ আবদুল ওয়াদুদ শেখ এবং বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে জেলা জামায়াতের রোকন অধ্যক্ষ আবদুল আলীমকে মনোনয়ন দেয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দল নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়। নির্বাচন কমিশন তাদের তফসিলে উল্লেখ করেছে ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থীরা ধানের শীষ প্রতীক নিলে দলের প্রধানের ছবি নির্বাচনী পোস্টারে রাখতে পারবেন। তবে তা বাধ্যতামূলক নয়। জেলা বিএনপির সভাপতি এম এ সালাম দেশ রূপান্তরকে বলেন, বাগেরহাটের দুটি আসনে ঐক্যফ্রন্ট জামায়াতকে মনোনয়ন দিয়েছে। তারা আসন্ন নির্বাচনে প্রচারের জন্য যে পোস্টার ছেপেছে, তাতে শুধু ধানের শীষ প্রতীকটি রেখেছে। আমাদের দলীয় প্রধানের কোনো ছবি নেই। বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমির মোহম্মদ আবদুল ওয়াদুদ শেখ দেশ রূপান্তরকে বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচনী পোস্টারে বিএনপি চেয়ারপারসনের ছবি ছাপতে হবেÑ এমন কোনো বাধ্যবাধকতা আমাদের দেওয়া হয়নি। তাই আমরা আমাদের ছবি আর ধানের শীষ প্রতীকের ছবিসংবলিত পোস্টার ছেপেছি। এতে বিএনপি নেতাকর্মীদের ক্ষুব্ধ বা হতাশ হওয়ার তো কারণ দেখছি না।’