জামায়াত নেতাদের প্রার্থিতা রিটের ফের শুনানি আজ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের অংশগ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের হওয়া রিটের শুনানি আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চে গতকাল সোমবার এ শুনানি শুরু হয়।

গতকাল রিটের পক্ষে আংশিক শুনানি করেন আইনজীবী তানিয়া আমীর। আদালত পরবর্তী শুনানির জন্য আজ দিন ধার্য করে। এর আগে জামায়াত নেতাদের ধানের শীষ প্রতীকে অংশ নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদনটি করেন। রিটকারীর পক্ষের আইনজীবী তানিয়া আমীর সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনে (ইসি) জামায়াতে ইসলামীর নিবন্ধন নেই। নিবন্ধনহীন একটি দলের প্রার্থীরা কীভাবে সংসদ নির্বাচনের প্রার্থী হন, সেই যুক্তিতে রিটটি দায়ের করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই জোটের শরিকদের মধ্যে সবচেয়ে বেশি আসনে জামায়াতকে ছাড় দিয়েছে বিএনপি।