ঠাকুরগাঁও সদরে এক হিন্দু পরিবারের বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল শুক্রবার ভোরে উপজেলার সিংগিয়া গ্রামের মটা সাহা ঘোষের বাড়িতে আগুন লেগে গবাদিপশুসহ ঘরবাড়ি ও মালামাল পুড়ে ছাই হয়েছে। আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত না হওয়া গেলেও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটেছে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের ধারণা।
মটা সাহা দেশ রূপান্তরকে বলেন, আগুনে তার চারটি ঘর, সাতটি ছাগল, হাঁস-মুরগি, ৬০ মণ ধান, ১০হাজার টাকা পুড়ে ছাই হয়। কে বা কারা ঘরে আগুন লাগিয়েছে তা তারা দেখেননি। এ ঘটনায় তার ছেলে কৃষ্ণঘোষ আহত হয়েছেন।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মফিদার রহমান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
ক্ষয়ক্ষতির পরিমাণ ধরা হয়েছে দুই লাখ টাকা।জেলা পূজা উদ্যাপন পরিষেদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ দেশ রূপান্তরকে বলেন, এটি হৃদয়বিদারক ঘটনা। তবে যে-ই ঘটাক না কেন সুষ্ঠু তদন্ত করে তাদের আইনের আওতায় আনা হোক।
ঘটনাস্থল পরিদর্শন করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি নাশকতা কি না গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে ১৫টি কম্বল, ৭ হাজার টাকা দেওয়া হয়েছে। তবে ঠাকুরগাঁও থানার ওসি (তদন্ত) চিত্তরঞ্জন রায় বলেন, এটি নাশকতা নয়, তদন্তের পর ঘটনা উন্মোচন হবে।