সহিংসতা পরিহারের আহ্বান যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা না করতে সব দলের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার।

গতকাল শনিবার সন্ধ্যায় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসবের সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে যুক্তরাষ্ট্রভিত্তিক এনজিও ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনাল ও ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি।

রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের আগামী নির্বাচন বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ হবে বলে আশা করছি। এজন্য সব দলকেই সহিংসতা এড়িয়ে দায়িত্বশীল আচরণ করতে হবে।  সংঘাত গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে।’

সকাল ১০টায় এই উৎসবের উদ্বোধন করেন টিএসসির মহাপরিচালক অধ্যাপক ড. এম জিয়াউল হক মামুন। রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের ১৬টি দল একাদশ সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন ইস্যুতে সরকারি ও বিরোধী দল হিসেবে বিতর্কে অংশ নেয়। চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ। এতে মডারেটরের দায়িত্ব পালন করেন ঢাবি ডিবেটিং সোসাইটির উপদেষ্টা অধ্যাপক মাহবুবা নাসরিন।

এর আগে মার্কিন রাষ্ট্রদূত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় তার স্ত্রী মাইকেল অ্যাডমেলমেন, দূতাবাসের কালচারাল অ্যাফেয়ার্স অফিসার জশুয়া ক্যাম্প এবং কালচারাল অ্যাফেয়ার্স বিশেষজ্ঞ ফারোহা সোহরাওয়ার্দী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে রেখে গত ছয় মাস ধরে ‘শান্তিতে বিজয়’ কর্মসূচি পালন করছে ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনাল। শীর্ষ রাজনৈতিক দল থেকে শুরু করে গ্রামীণপর্যায় পর্যন্ত শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছে তারা।