রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

রাজধানীর খিলগাঁওয়ে একটি ওয়ার্কশপে গতকাল শনিবার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডে চার কর্মচারী দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানান মেডিকেল পুলিশ বক্সের ইনচার্জ ও পরিদর্শক বাচ্চু মিয়া।

দুপুরে গোড়ান এলাকার তিতাস রোডে আইডিয়াল ওয়ার্কশপ নামে একটি ঝালাই কাজের দোকানে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন দুলাল (৩০), রবিউল (৩২), হৃদয় (১৫) ও আনিসুর রহমান (৩২)।

ওয়ার্কশপের কর্মচারী সাইফুল ইসলাম জানান, ঝালাইয়ের কাজ করার সময় অক্সিজেন সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে ওই ওয়ার্কশপের পুরো রুমে আগুন ধরে যায়। এ সময় সেখানে কর্মরত চার কর্মচারীর হাত, পা ও মুখ ঝলসে যায়।