জাবিতে ছাত্রদলের ঝটিকা মিছিল

যশোরে বিজিবির পাহারায় বিএনপি প্রার্থীর গণসংযোগ

সেনাবাহিনী মোতায়েনের পর নির্বাচনের আগে শেষ পাঁচ দিন মাঠে জোরদার প্রচার চালানোর ইঙ্গিত দিয়েছিলেন বিএনপি নেতারা। গতকাল সোমবার থেকে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। যশোর-১ (শার্শা) আসনের বেনাপোলে পুলিশ, বিজিবির পাহারায় বিএনপিপ্রার্থী মিছিল ও গণসংযোগ করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ছাত্রদল ঝটিকা মিছিল করেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :

বেনাপোল : যশোর-১ (শার্শা) আসনের বেনাপোলে দুপুরে পুলিশ ও বিজিবির পাহারায় বিএনপিপ্রার্থী সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি নেতাকর্মীদের নিয়ে  আকস্মিক মিছিল ও গণসংযোগ করেছেন। তিনি বলেন, ‘নির্বাচনে আমাকে এবং আমার নেতাকর্মীদের গণসংযোগ করতে দেওয়া হচ্ছে না। ভোটকেন্দ্রে না যেতে তাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। সারা দেশে বিএনপির গণজোয়ার দেখে আওয়ামী লীগ দিশেহারা হয়ে পড়েছে। তাই তারা আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করে আতঙ্ক তৈরি করছে।’

শার্শা থানার ওসি মশিউর রহমান বলেন, কোনো নিরীহ লোকের নামে মামলা বা তাদের আটক করা হচ্ছে না।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সকাল ৭টার দিকে ঝটিকা মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের কয়েক নেতাকর্মী। ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে তারা ক্যাম্পাসে মিছিল করেন।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু হয়ে প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে নেতৃত্বদানকারী ছাত্রদল নেতা মার্জুক সাংবাদিকদের বলেন, ‘কোনো রক্তচক্ষুকে আমরা আর পরোয়া করব না। ক্যাম্পাসে কার্যক্রম চালানো আমাদের রাজনৈতিক অধিকার। এতে কেউ বাধা দিতে এলে পাল্টা প্রতিরোধ হবে।’