রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আগের বছরের তুলনায় জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। অপরদিকে পিইসি (প্রাথমিক শিক্ষা সমাপনী) পরীক্ষায় শতভাগ পাসের সঙ্গে বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।
গতকাল সোমবার প্রকাশ করা ফলে দেখা গেছে, আইডিয়াল স্কুল থেকে ২ হাজার ৩৭৮ শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেয়। এবার পাসের হার ৯৯ দশমিক ৭৯ শতাংশ। গতবার যা ছিল ৯৯ দশমিক ৮৯ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৯৯৯ শিক্ষার্থী। গতবার যা ছিল ১ হাজার ৬২৬ জন। শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ ড. শাহান আরা বেগমের দাবি, এ বছর চতুর্থ বিষয় যোগ না হওয়ায় জিপিএ-৫ পাওয়ার সংখ্যা কমেছে। পিইসির ফল থেকে দেখা গেছে, ২ হাজার ৫০৭ শিক্ষার্থীর সবাই পাস করেছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৩১ জন। গতবারের চেয়ে যা ৫ শতাংশ বেশি। প্রাপ্ত ফলে এগিয়ে থাকায় এদিন স্কুল ক্যাম্পাসে খুদে শিক্ষার্থীদের তুলনামূলক বেশি আনন্দ করতে দেখা যায়।