আওয়ামী লীগের জন্মের পর থেকে যতবার ক্ষমতায় এসেছে তা নির্বাচনের মাধ্যমে এসেছে। আওয়ামী লীগ জনতার ক্ষমতায়নে বিশ্বাস করে বলে পরপর ভোটের মাধ্যমে জয়লাভ করে যায়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল বেলা ১১টার দিকে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের আওয়ামী লীগ প্রার্থী মামুনুর রশিদ কিরণের সমর্থনে বেগমগঞ্জ চৌরাস্তায় পথসভায় এবং বেলা ৩টায় নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে কিছু সহিংসতা হচ্ছে তার জন্য কোনো কোনো স্থানে আওয়ামী লীগ যে দায়ী নয় তা আমি বলব না।’ তিনি ভোটের বাকি চারদিন দলীয় নেতাকর্মীদের সহনশীল হওয়ার আহ্বান জানান।
মন্ত্রী বলেন, গত ১০ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এ সময় বহু উন্নয়নমূলক কর্মকা-সহ দেশে উন্নয়নের বিপ্লব ঘটেছে। এসব কাজ করতে গিয়ে যদি দলের নেতাকর্মীরা কোথাও জনমনে আঘাত করে থাকে, তাহলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি জনতার কাছে ক্ষমাপ্রার্থী।