আরডিসির ছায়াভোট

মহাজোট ২৪৮ ঐক্যফ্রন্ট পাবে ৪৯ আসন

আগামী রোববার অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৪৮ ও বিএনপিপ্রধান জাতীয় ঐক্যফ্রন্ট ৪৯ আসন পাবে বলে পূর্বাভাস দিয়েছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। বিভিন্ন আসনে ছায়াভোট নিয়ে গতকাল বুধবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক সংবাদ সম্মেলনে ফল প্রকাশ করে এ পূর্বাভাস দেয় রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (আরডিসি) নামের প্রতিষ্ঠানটি।

ফল তুলে ধরেন আরডিসির অর্থনীতিবিদ ফরেস্ট ই কুকসন। তিনি জানান, আরডিসি গত ৯-১৬ ডিসেম্বর জরিপের মাধ্যমে এই ছায়াভোট নেয়। দেশের ৫১টি নির্বাচনী এলাকায় এই জরিপ চালানো হয়। এতে অংশ নেয় ২ হাজার ২৪৯ ভোটার। তাদের ৯৮ শতাংশ একাদশ জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। জরিপের বিষয়ে কুকসন বলেন, ‘দেশের প্রত্যেক অঞ্চলের ভোটারদের কাছ থেকে মতামত নেওয়ার চেষ্টা করা হয়েছে। রাজনৈতিকভাবে নিরপেক্ষ হয়ে নির্বাচনের সম্ভাব্য ফল জানতে এই জরিপ করা হয়। গণতান্ত্রিক দেশগুলোতে নির্বাচনের আগে এ ধরনের ভোট নেওয়ার রেওয়াজ আছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ গবেষক বলেন, ‘জরিপের জন্য ভোটারদের কাছে ব্যালট পেপার দিয়েছি। সেই ব্যালটে তারা ভোট দিয়েছেন। ব্যালটে ভোট দিতে অস্বীকার করা বা ভোট দেওয়ার ইচ্ছা নেই, এমন মহাজোট ২৪৮ ঐক্যফ্রন্ট পাবে ৪৯ আসন প্রশ্নও যুক্ত করা হয়েছে।’

তিনি জানান, ভোট দেওয়ার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর বিষয়ে মত দিয়েছেন ভোটাররা। এতে আওয়ামী লীগকে ভালো বলেছে ৬৪ দশমিক ৬ শতাংশ মানুষ। আর খারাপ বলেছে ৩ দশমিক ৫ শতাংশ অংশগ্রহণকারী।  বিএনপিকে ভালো বলেছে ২৭ দশমিক ৬ শতাংশ; খারাপ বলেছে ১৮ দশমিক ২ শতাংশ লোক। অন্যদিকে জাতীয় পার্টিকে ভালো বলেছে ১৪ দশমিক ৯ শতাংশ; আর খারাপ বলেছে ১৫ দশমিক ৮ শতাংশ।