নারীদের প্রচারে মুখর ভোটের মাঠ

যতই নির্বাচন ঘনিয়ে আসছে, ততই মুখর হয়ে উঠছে ফরিদপুর-৩ সদর আসনের ভোটের মাঠ। গত কয়েক দিন ধরে প্রচারে নারীদের অংশগ্রহণে সরগরম হয়ে উঠেছে আসনটি। সকাল থেকে রাত পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে নৌকা প্রতীকে ভোট চাচ্ছেন দলটির নারীকর্মীরা।

নৌকার প্রার্থীর সমন্বয়কারী ও জেলা যুবলীগের আহ্বায়ক এএইচএম ফোয়াদ দেশ রূপান্তরকে বলেন, আসনটিতে নারী-পুরুষ সমান সমান। সেজন্য আমরা ভোটারদের কাছে নারীকর্মীর উপস্থিতি বাড়িয়েছি। নির্বাচনে ২০ হাজার নারীকর্মী ভোটারদের দ্বারে দ্বারে ভোট চাচ্ছেন।

জেলার রিটার্নিং কর্তকর্তা সালমা তানজিয়া জানান, এ আসনে মোট ভোটার ৩ লাখ ৫৩ হাজার ১৩৩। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৬ হাজার ৬৫২ আর নারী ১ লাখ ৭৬ হাজার ৪৮১।

ফরিদপুরের চারটি আসনের মধ্যে এটি নানাভাবে গুরুত্বপূর্ণ। এই আসনে যিনি এমপি হন, তিনি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। এছাড়াও আসনটি জেলার সদর হওয়ায় সবার দৃষ্টি থাকে এর দিকে। এ আসনে এবার নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন আর ধানের শীষে বিএনপির ভাইস চেয়ারম্যান কামাল ইবনে ইউসুফ।