পুলিশ-বিজিবির ফাঁকা গুলি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বৃদ্ধের মৃত্যু

কিশোরগঞ্জের বাজিতপুরে গতকাল বৃহস্পতিবার নির্বাচনী সহিংসতা ঠেকাতে পুলিশ-বিজিবির ছোড়া ফাঁকা গুলির শব্দে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শহীদ মিয়া (৭০) নাম একজন মারা গেছেন।

বাজিতপুর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, সন্ধ্যা ৭টার দিকে সরারচর নতুন বাজার এলাকায় কিশোরগঞ্জ-৫ আসনের বিএনপি প্রার্থী মো. মজিবুর রহমান ইকবালের বাড়ির সামনে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে অন্তত ৯০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি শফিকুল জানান, এসব গুলির শব্দে গুরুতর অসুস্থ হয়ে পড়া শহীদ মিয়াকে জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।