ভোটকেন্দ্রের তথ্য জানতে ১০৫ নম্বরে এসএমএস

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের সুবিধার্থে ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য এসএমএস সার্ভিস চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সার্ভিস শুধু নগর এলাকার বাসিন্দারা পাবেন বলে জানিয়েছেন ইসির সিস্টেম অ্যানালিস্ট ফারজানা আক্তার। গতকাল শনিবার দুপুর থেকে চালু হয়েছে এই সার্ভিস।

ফারজানা বলেন, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনসহ অন্যান্য সিটি এলাকার ভোটাররা এ সুবিধা পাবেন। এসএমএস করার প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, যেকোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস অপশনে গিয়ে চঈ লিখে একটা স্পেইস দিয়ে জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে।

এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বরের স্থানে স্মার্টকার্ডের ১০ ডিজিট বা ১৭ সংখ্যার এনআইডি নম্বর লিখতে হবে। কারো এনআইডিতে ১৩ ডিজিট থাকলে এসএমএস করার সময় ওই এনআইডি নম্বরের আগে তার জন্মসাল যোগ করে ১৭ ডিজিট লিখতে হবে।

এই এসএমএস প্রক্রিয়া নিয়ে ভোগান্তির অভিযোগ করেছেন অনেকে। একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী জাহিদুল হাসান জানান, তিনি অন্তত পাঁচবার এসএমএস পাঠিয়েও কোনো ফল পাননি। এমনকি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বেশ কয়েকবার চেষ্টা করেও নিজ ভোটকেন্দ্রের তথ্য পাননি বলে জানান জাহিদুল।