ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বেছে নিয়েছে এ বছরের সেরা বাঙালি নারী অভিনেত্রীদের। সেই তালিকায় এ বছরও আছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বছরের শেষে এমন অর্জনে আনন্দিত জয়া আহসান। চলতি বছরের অক্টোবরে কলকাতায় মুক্তি পেয়েছে জয়া অভিনীত ভারতীয় চলচ্চিত্র ‘এক যে ছিল রাজা’। সৃজিত মুখার্জির এই ছবিতে ‘মৃন্ময়ী’ চরিত্রে জয়া আবার নিজেকে প্রমাণ করেছেন। ছবিতে ভাওয়াল রাজার মিকায় ছিলেন যীশু, জয়া ছিলেন তার বোনের চরিত্রে। সমালোচকেরা স্বীকার করেছেন, ছবির অন্যতম সেরা প্রাপ্তি ছিল জয়ার অভিনয়। টাইমস অব ইন্ডিয়ার এ তালিকায় অন্য নারী অভিনেত্রীদের মাঝে আছেন বলিউড অভিনেত্রী কাজলের মা অভিনেত্রী তনুজা (সোনার পাহাড়), মমতা শঙ্কর (আহারে মন), চূর্ণী গাঙ্গুলি (দৃষ্টিকোণ), চিত্রাঙ্গদা চক্রবর্তী (আহারে মন), পাওলি দাম (আহারে মন), সারা সেনগুপ্ত (উমা) ও শৌরসেনী মৈত্র (জেনারেশন আমি)।
এদিকে, সুমন মুখোপাধ্যায়ের ছবিতে জয়া আহসান প্রথমবারের মতো কাজ করছেন। রাশিয়ার জনপ্রিয় ছোটগল্পকার আন্তন চেখভের একটি প্রেমের গল্প অবলম্বনে ‘প্রেম ছাড়ার গোপন উপায়’ নামে নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। এতে আরো অভিনয় করছেন ভারতের অনির্বান ভট্টাচার্য ও বিক্রম চ্যাটার্জি। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার রবীন্দ্র সরোবরে স্বল্পদৈর্ঘ্যটির শ্যুটিং শুরু হয়েছে বলে জানা গেছে। আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ‘প্রেম ছাড়ার গোপন উপায়’ কলকাতার জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং অ্যাপ হইচই-এ মুক্তি পাবে।