প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে আরো এক বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারেন ১০ বছর ধরে টানা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা আবুল মাল আবদুল মুহিত। গতকাল মঙ্গলবার নিজের দপ্তরে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী চাইলে আরো এক বছর দায়িত্ব পালন করতে পারি। প্রধানমন্ত্রী কোনো কিছু বললে
আমি না করি না।’ আবুল মাল আবদুল মুহিত বলেন, নতুন সরকারের প্রধান কাজ হবে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা ও আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা। আগামী পাঁচ বছর বাংলাদেশ অর্থনীতিতে অসাধ্য সাধন করবে। আশা করছি, আগামী পাঁচ বছরেই বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হবে।তিনি বলেন, দারিদ্র্যমুক্ত হলেও কিছুসংখ্যক মানুষ সবসময়ই সরকারের ওপর নির্ভরশীল থাকে। নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে নতুন করে দারিদ্র্যসীমার নিচেও নামে অনেকে। দারিদ্র্য দূর করার ক্ষেত্রে সব থেকে ভালো করেছে মালয়েশিয়া। ওই দেশেও ৭ শতাংশ দরিদ্র রয়েছে।সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোট ভালো হয়েছে। উন্নত দেশে ৪০ শতাংশ ভোট পড়লেই সবাই খুশি হয়। বাংলাদেশে সাধারণত ৭০ শতাংশ পর্যন্ত ভোট পড়লে ভালো নির্বাচন ধরা হয়। এবার ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে। কারণ জনগণ জেনে গেছে শেখ হাসিনা ছাড়া উন্নয়ন হবে না। তাই এ নির্বাচনে জনগণ বেশি ভোট দিয়েছে।