এক সময়ের তুমুল জনপ্রিয় নকিয়া ফোন যেন হারিয়েই যাচ্ছিল। তবে, নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে এবার এক স্মার্টফোনেই সাতটি ক্যামেরা নিয়ে বাজারে আসার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। চলতি মাসেই বাজারে আসার জোর সম্ভাবনা রয়েছে ফোনটির।
নতুন ফোনের প্রধান আকর্ষণ ফোনের পেছনে পাঁচটি ক্যামেরা। এরই মধ্যে বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে, নতুন ফোনটির পেছনে বৃত্তাকারে পাঁচটি ক্যামেরা ও একটি এলইডি ফ্ল্যাশ দেখা গেছে। তবে পেছনে পাঁচটি ছাড়াও ক্যামেরার সামনের দিকে থাকছে আরও দুটি ক্যামেরা। ধারণা করা হচ্ছে, ‘নাকিয়া ৯ পিওর ভিউ’ নামে নতুন সেটটির প্রথম তথ্য ফাঁস হয় টুইটারে। এর ছবি পোস্ট করেন ইভান ব্লাস। স্মার্টফোনের সঠিক তথ্য ফাঁসে তার সুখ্যাতি আছে।
এর আগে একটি স্যামসাং ফোনে চারটি রিয়ার ক্যামেরা দেখা গেলেও কোনো স্মার্টফোনে পাঁচটি ক্যামেরা এবারই প্রথম। ফোনের পেছনে বৃত্তাকারে এই ক্যামেরাগুলো থাকবে। সঙ্গে থাকবে একটি এলইডি ফ্ল্যাশ। জানা গেছে, একসঙ্গে পাঁচটি শট নিতে এবং কম আলোতে ভালো ফলাফল দেবে নতুন ‘পেন্টা ক্যামেরা’ ব্যবস্থা। ছবি তোলার পরও এতে নতুন করে ফোকাস ঠিক করতে পারবেন গ্রাহক। ফোনের সামনে থাকবে দুটি সেলফি ক্যামেরা। তবে এই ফোনের ফেস রিকগনিশন ফিচার নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
গত কয়েক বছর ধরে নোকিয়ার প্রায় সব স্মার্টফোন অ্যানড্রয়েড ওয়ান প্রোগ্রামের অধীনে বাজারে এসেছে। ফলে নকিয়া ফোনের অ্যানড্রয়েড ডেভেলপমেন্টের দায়িত্বে থাকে গুগল। তাই এই ফোনগুলোতে জলদি আপডেট পৌঁছে যায়। সম্প্রতি প্রকাশিত ছবিতে ‘নকিয়া ৯ পিওর ভিউ’ ফোনের পেছনে ‘অ্যানড্রয়েড ওয়ান’ লেখা দেখা গেছে।
নতুন এই ডিভাইসটিতে ৫.৯৯ ইঞ্চি ‘পিওর ডিসপ্লে’ রাখতে পারে নির্মাতা প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল। পর্দার ভেতর ফিঙ্গারপ্রিন্ট রিডার থাকবে এতে। সঙ্গে থাকতে পারে ৮ জিবি র্যাম আর ১২৮ জিবি স্টোরেজ।