লক্ষ্মীপুরে পুলিশ যুবলীগ সংঘর্ষ আহত ১০

লক্ষ্মীপুর সদর হাসপাতালে পুলিশের সঙ্গে যুবলীগ নেতা-কর্মীদের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে চার পুলিশ সদস্য ও একজন সাংবাদিক রয়েছেন। গতকাল বুধবার দুপুরে এ সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে যুবলীগ ও ছাত্রলীগের ছয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন জানান, দুপুর ১২টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন দেলোয়ার হোসেন নামে এক যুবকের ওপর হামলার চেষ্টা করেন যুবলীগ কর্মীরা। বাধা দিলে তারা পুলিশের ওপর হামলা চালান। পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা সেখানে গিয়ে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে যুবলীগ নেতা মাহবুবুর রহমান, ছাত্রলীগ নেতা আশেক, রোকন, সাইমুন, রনিসহ ছয়জনকে আটক এবং ১০টি মোটরসাইকেল জব্দ করা হয়।

এ ঘটনায় এসআই আবদুল আলীম, এএসআই গিয়াস উদ্দিন, পুলিশ সদস্য নয়ন ও মেহেদী, স্থানীয় সাংবাদিক মীর ফরহাদ হোসেন সুমন, জেলা যুবলীগ সভাপতি সালাহ উদ্দিন টিপু এবং সদর উপজেলা যুবলীগ নেতা ও জেলা পরিষদ সদস্য মাহবুবুর রহমানসহ ১০ জন আহত হন।

জেলা যুবলীগ সভাপতি সালাহ উদ্দিন টিপু জানান, সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আঠিয়াতলী গ্রামের দেলোয়ার হোসেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে হত্যাচেষ্টার মামলায় জামিনে মুক্তি পেয়ে মঙ্গলবার এলাকায় ফেরেন। গতকাল বুধবার সকালে দেলোয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহমানকে ছুরি দিয়ে আঘাত করেন। ক্ষুব্ধ আওয়ামী লীগ ও যুবলীগ নেতা-কর্মীরা দেলোয়ারকে মারধর করে পুলিশে খবর দেন। আহত দুজনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে শহরের যুবলীগ নেতাকর্মীরা হাসপাতালে গিয়ে দেলোয়ারের ওপর হামলার চেষ্টা করেন।