একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি আসনে মোট ভোটারসংখ্যার চেয়ে বেশি ভোট পড়ার সংবাদ প্রকাশের ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার বাংলা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি হেদায়েত হোসেন মোল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে নিয়েছে পুলিশ। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে খুলনার বিচারিক হাকিম নয়ন বিশ্বাস তার রিমান্ড মঞ্জুর করেন বলে আসামির আইনজীবী তারিক মাহমুদ তারা জানান।
তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা বটিয়াঘাটা থানার ওসি মাহবুবুর রহমান আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৩০ ডিসেম্বর রাতে খুলনার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঘোষিত জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের বরাতে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে মোট ভোটারের চেয়ে ২২ হাজারের বেশি ভোট পড়েছে বলে বাংলা ট্রিবিউন ও দৈনিক মানবজমিন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় গত মঙ্গলবার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী বাদী হয়ে মিথ্যা ও ভুয়া তথ্য দিয়ে অনলাইনে সংবাদ প্রকাশের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ওই মামলায় হেদায়েতের সঙ্গে দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার রাশিদুল ইসলামকেও আসামি করা হয়েছে।