বাম গণতান্ত্রিক জোটের অবস্থান কর্মসূচি পালিত

জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বাতিলের দাবি জানিয়ে বগুড়ায় বাম গণতান্ত্রিক জোট বগুড়া প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে ঘণ্টাব্যাপী তারা এই অবস্থান কর্মসূচি পালন করেন। জোটের নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে  কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

অবস্থান কর্মসূচি চলাকালে জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টুর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সিপিবির বগুড়া জেলা সভাপতি জিন্নাতুল ইসলাম, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক আবদুর রশিদ, বাসদের জেলা সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা শাহাদত হোসেন শান্ত। সমাবেশে বক্তারা নির্বাচন বাতিল করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে পুনর্নির্বাচনের দাবি জানান।