মাটিরাঙ্গায় নির্বাচনী সহিংসতায় আহত ওয়ার্ড যুবলীগ সভাপতির মৃত্যু

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়িতে গত ৩০ ডিসেম্বরের নির্বাচনী সহিংসতায় আহত বেলছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আলী মিয়া (৩৬) মারা গেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার দুপুরে তার মৃত্যু ঘটে।

বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বেলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম জানান, নির্বাচনের দিন ভোটকেন্দ্রে যাওয়ার পথে বিএনপি নেতাকর্মীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। লোহার রড, লাঠিসোটা দিয়ে তাকে জখম করা হয়। সেদিনই তাকে চট্টগ্রামে মেডিকেলে প্রেরণ করা হয়।

যুবলীগ নেতা মো. আলী মিয়া বেলছড়ি ইউনিয়নের নিউ অযোধ্যা গ্রামের মৃত সাহেব আলীর ছেলে।

মাটিরাঙ্গা থানার অফিসার্স ইনচার্জ জানান, মো. আলী মিয়া মারা যাওয়ার খবর  তিনি শুনেছেন।