মালয়েশিয়া দীর্ঘদিন ধরে অপেক্ষাকৃত কম দক্ষ শ্রমিকদের জন্য জনপ্রিয় গন্তব্য। সেখানে কম খরচে কাজ, কম দূরত্ব, উন্নত জীবনযাত্রা ও বিভিন্ন খাতে সুযোগের কারণে হাজারো শ্রমিক যান। তবে এবার দেশটি বিদেশি কর্মীদের ওপর নির্ভরতা কমাতে কঠোর পদক্ষেপ নিয়েছে। সরকার নতুন নীতিমালায় বিদেশি কর্মী নিয়োগের শর্ত আরও কড়া করছে।
আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুন মাস থেকে দেশটির ভিসাপ্রাপ্তির শর্ত বদলে যাবে। তিন ক্যাটাগরির কাজে ন্যূনতম বেতন প্রায় দ্বিগুণ করা হয়েছে। আগে সর্বনিম্ন ৩ হাজার রিঙ্গিত থেকে বাড়িয়ে ৫ হাজার, পরের ধাপে ৫ হাজার থেকে ১০ হাজার এবং সর্বোচ্চ ধাপে ১০ হাজার থেকে ২০ হাজার রিঙ্গিত করা হয়েছে। এ ছাড়া বিদেশি কর্মীরা সর্বোচ্চ ৫ থেকে ১০ বছর পর্যন্ত থাকতে পারবেন। এরপর তাদের দেশে ফিরতে হবে বা অন্য গন্তব্য খুঁজতে হবে। ফলে নিয়োগকর্তাদের খরচও বাড়বে। একই কাজে কর্মীদের দ্বিগুণ বেতন দিতে হবে।
দেশটিতে বর্তমানে ২১ লাখ নিবন্ধিত বিদেশি কর্মী রয়েছেন। সরকারের লক্ষ্য, ২০২৪ সালে ১৪ দশকি ১ শতাংশ বিদেশি কর্মীকে ২০৩৫ সাল নাগাদ ৫ শতাংশে নামিয়ে আনা। এতে স্থানীয়দের দক্ষতা বাড়ানো ও অর্থনীতিতে আধুনিক প্রযুক্তি প্রবেশ সহজ হবে বলে মনে করছে সরকার।
