মন্ত্রিসভায় থাকতে পারে বড় চমক : ওবায়দুল

নতুন মন্ত্রিসভায় বড় ধরনের চমক থাকতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল শুক্রবার ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮৮টি আসন পায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। বিজয়ীরা শপথ নেন গত বৃহস্পতিবার। এরপরই মন্ত্রিসভায় চমক আসার বিষয়টি সামনে আসে। এ নিয়ে গতকাল ওবায়দুল কাদের বলেন, ‘আমার কেন যেন মনে হয়, বিশাল একটা চমক

আসবে মন্ত্রিসভায়। নবীন-প্রবীণের সমন্বয়ের আওয়ামী লীগের পথচলা। তবে বিশাল জয়ের সঙ্গে বিশাল চমকও থাকতে পারে।’ তিনি আরও বলেন, ‘ক্যাবিনেটের বিষয়টা সম্পূর্ণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়। এটা প্রধানমন্ত্রীর এরিয়া; এখানে অন্য কারো প্রবেশের সুযোগ নেই।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এই ক্যাবিনেটে... আমি ঠিক বলতে পারছি না। তবে আমার মনে হয়, বিপুল বিজয় তো, বিপুল প্রত্যাশা। জনগণেরও এখানে একটা প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশার প্রতিধ্বনি তো করতে পারে একজনই (শেখ হাসিনা)।’ এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে উন্নয়নের পক্ষে, আমাদের নেত্রীর ব্যক্তিগত সততা ও ক্যারিশমার পক্ষে।’

বিএনপিপ্রধান জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিতদের শপথ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘পার্টির পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ করেছি। তাদের অনুরোধ করছি জনগণের রায়কে অসম্মান করা উচিত নয়। জনগণ যে রায় দিয়েছে, যেটুকু রায় দিয়েছে, এটা তাদের সম্মান করা উচিত। সেটা তারা যখন সম্মান না করে, ব্যর্থতার বৃত্তে তাদের আটকে থাকতে হবে।’

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের বৈঠকের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘কেন, বৈঠক করলে অসুবিধা? বৈঠক তো করতেই পারে। আমেরিকান অ্যাম্বাসাডরের সঙ্গে বৈঠক করলে কি আকাশ ভেঙে পড়বে আমাদের ওপর?’