নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার সকালে দলীয় সাংসদ এবং নেতাকর্মীদের নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে যান আওয়ামী লীগ সভানেত্রী। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে তিনি জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, পরে দলীয় সভাপতি হিসেবে সাংসদদের নিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারা।
এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও ড. মহীউদ্দীন খান আলমগীর, প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শেখ ফজলুল করিম সেলিম, বেগম মতিয়া চৌধুরী, কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, নুরুল ইসলাম নাহিদ, আব্দুল মতিন খসরু, ড. আবদুর রাজ্জাক ও রমেশ চন্দ্র সেন, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল, সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর, চিফ হইপ আ স ম ফিরোজ, দলের যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এবং আওয়ামী লীগের অন্যান্য সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। জাতীয় ঐক্যফ্রন্ট ছাড়া মহাজোট এবং স্বতন্ত্র সংসদ সদস্যরা গত বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে শপথ গ্রহণ করেন। গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের নিরঙ্কুশ বিজয়ের তিন দিন পরেই এই শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
এর আগে নির্বাচনে অংশ নেওয়া এক প্রার্থীর মৃত্যু হওয়ায় গাইবান্ধা-৩ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। নির্বাচনের দিন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের তিনটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হওয়ায় ওই আসনের ফলাফল ঘোষণা করা হয়নি।