চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তির মৃত্যু হয়েছে, যার বিরুদ্ধে মাদকের কারবারসহ বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে মুক্তারপুর গ্রামের নলডাঙ্গা মাঠে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল বারেক (৪০) দামুড়হুদার কার্পাসডাঙ্গা গ্রামের মিশনপাড়ার মৃত আব্দুল গনির ছেলে।
দামুড়হুদা থানার ওসি সুকুমার বিশ্বাস দেশ রূপান্তরকে বলেন, বৃহস্পতিবার রাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে আব্দুল বারেককে আটক করে
থানায় নিয়ে আসার পথে মুক্তারপুর ভুট্টাক্ষেতে ওত পেতে থাকা বারেকের সহযোগীরা পুলিশের দিকে গুলি ছোড়ে, পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পালিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীদের গুলিতে বারেক আহত হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, ‘আব্দুল বারেক দামুড়হুদা থানার শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা আছে।’