একাদশ সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের পরাজিত প্রার্থী ড. রেজা কিবরিয়া বলেছেন, ‘৩০ ডিসেম্বরের ভোটে প্রমাণিত হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে না।’ গতকাল শুক্রবার সকালে গ্রামের বাড়ি নবীগঞ্জের জালালসাপে পৌঁছে এ
মন্তব্য করেন সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এ এম এস কিবরিয়ার ছেলে।
ভোটের দিন প্রায় ১৫০ কেন্দ্রে দখল ও বিশৃঙ্খলার অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেন জাতীয় ঐক্যফ্রন্টের এই প্রার্থী। এরপরই চলে যান ঢাকায়। শুক্রবার এলাকায় পৌঁছে জনগণের উদ্দেশে রেজা কিবরিয়া বলেন, ‘গত নির্বাচন আসল নির্বাচন ছিল না। ছিল ভোট ডাকাতি। ভোট ডাকাতি করে তারা (আওয়ামী লীগ) জয় পেয়েছে। আমি জানি, তাদের মাঝে কোনো
তৃপ্তি নেই। কারণ চুরি-ডাকাতির মাধ্যমে কোনো কিছু অর্জনে তৃপ্তি থাকে না। ভোটাররা যেভাবে ভয়-ভীতি, গ্রেপ্তার আতঙ্ক, মামলা, হামলা সব উপেক্ষা করে ভোটকেন্দ্রে ছুটে গিয়েছিলেন, যদি তারা ভোট দিতে পারতেন তাহলে তাদের এমন ভরাডুবি হতো যা কল্পনাও করা যেত না।’ এবার আসল ভোটের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। ধানের শীষ প্রতীকে নির্বাচন করা রেজা কিবরিয়া বলেন, ‘নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে না। এ সরকার এটি সবার কাছে প্রমাণ করেছে। তারা জোর গলায় বাইরে অনেক কিছুই বলে। কিন্তু ঘরে যখন যায়, তখন তারা ঠিকই ভাবে কী লজ্জাজনক একটি কাজ করেছে।’
গণফোরামের এই নেতা বলেন, ‘আওয়ামী লীগ এমন একটি দল ছিল, যে দলটি একসময় মানুষের মুক্তির জন্য, ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছে। তাদের ডাকে এ দেশের প্রতিটি মানুষ প্রাণ দিতে রাজি ছিল। আর এখন এই আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার হরণ করে।’