কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলায় পৃথক অভিযানে ৭২ হাজার পিস ইয়াবা ও সাত কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
কোস্টগার্ড সদস্যরা নাফ নদীর একটি দ্বীপে অভিযান চালিয়ে ৩ কোটি ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যমানের ৬০ হাজার পিস ইয়াবা ও সাত কেজি গাঁজা জব্দ করে।
জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৫টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী পূর্ব জোনের অধীনস্থ টেকনাফ সিজি স্টেশনের কমান্ডার গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল নিয়ে নাফ নদীর জইল্যাদ্বীপে অভিযানে যান। মাদক চোরাকারবারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল তল্লাশি করে দুটি বস্তা পাওয়া যায়। দুটি বস্তায় ৩ কোটি ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যমানের ৬০ হাজার পিস ইয়াবা ও সাত কেজি গাঁজা পাওয়া যায়। জব্দকৃত ইয়াবা ও গাঁজা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় বলে কোস্টগার্ড সূত্রে জানা গেছে।
এদিকে কক্সবাজারের উখিয়ার বালুখালী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ১১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের জাফর আলমের ছেলে মোহাম্মদ সুলতান (২৮) ও নুরুল আমিনের স্ত্রী মোসা. ফাতেমা বেগম (৪০)।
রাত সাড়ে ১০ টার দিকে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।